যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের চ্যাটসওয়ার্থ এলাকায় দুটি বাণিজ্যিক ভবনের মধ্যবর্তী স্থানে হেলিকপ্টারটি আছড়ে পড়ে।
সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএএফডি) এক মুখপাত্র জানান, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টার কিছু আগে লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিট সংলগ্ন এলাকায় দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাস্থলের প্রাপ্ত ভিডিও চিত্রে দেখা যায়, ভয়াবহ এ দুর্ঘটনায় দুটি পণ্যবাহী কনটেইনার এবং বেশ কয়েকটি গাড়িতে দাউ দাউ করে আগুন ধরে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগে এলএএফডির ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে জানান, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় এক ব্যক্তি বাহনটির বাইরে ছিলেন, যাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে চিকিৎসাকর্মীরা মোট তিনজনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দিনের শুরুতে চ্যাটসওয়ার্থ এলাকায় একটি বাস ও এসইউভির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন আহত হন। ওই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার তথ্য ও ফুটেজ সংগ্রহ করতে এলাকায় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার উড্ডয়ন করছিল। ধারণা করা হচ্ছে, খবর সংগ্রহে নিয়োজিত নিউজ কপ্টারগুলোর মধ্যেই একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়ে নিচে পড়ে যায়।
লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, হেলিকপ্টারটিতে মোট কতজন আরোহী ছিলেন এবং এটি কোন সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠানের মালিকানাধীন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, একই এলাকায় পরপর দুটি মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস। এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, "আজ রাতে চ্যাটসওয়ার্থে ঘটে যাওয়া এই প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে যারা স্বজন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।"
ডিআর




Comments